নকল সার ও কীটনাশক তৈরির অভিযোগে ব্যবসায়ীকে জেল-জরিমানা

সাতক্ষীরার তালা উপজেলায় নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাতের অভিযোগে মশিয়ার রহমান নামের এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃষিকাজে ব্যবহৃত বেশ কিছু নকল পণ্য জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার লাউতাড়া গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, লাউতাড়া গ্রামে নকল সার ও কীটনাশক তৈরি করে বাজারজাত করার অভিযোগে মশিয়ার রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, কৃষক ও জনস্বার্থে ভেজাল সার ও কীটনাশকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে র‍্যাবের সদস্যদের সঙ্গে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং তালা থানার পুলিশ সদস্যরা অংশ নেন।