নড়াইলে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার 

নড়াইল সদর উপজেলার দলজিৎপুর গ্রামে একটি পরিত্যক্ত পুকুর পাড় থেকে ওসমান গনি (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে দলজিৎপুর এলাকার একটি পরিত্যক্ত পুকুরপাড়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নড়াইল সদর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা মরদেহটি ওসমান গনির বলে শনাক্ত করেন। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

তবে কীভাবে ওসমান গনির মৃত্যু হয়েছে এবং কী কারণে তিনি ওই এলাকায় গিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।