কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের দুই দিন পরে কামালপুর তালতলার মাঠে রাস্তার উপর ঘাস দিয়ে ঢাকা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
নিখোঁজ যুবক পিয়ারপুর গ্রামের আব্দুর রাজ্জাক আলী বিশ্বাসের ছেলে মো. রাজা(২৫)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মরিচ তোলার জন্য কৃষক সানাউল্লাহ মাঠে যাওয়ার সময় কিছু শেয়াল একটি মরদেহ টানাটানি করছে এমন দেখতে পেয়ে দৌলতপুর থানা পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থানে এসে মরদেহ অর্ধগলিত হওয়াতে সনাক্ত করতে না পেরে সিআইডি ঝিনাইদহ টিমের সহযোগিতা নেন। সিআইডি মরদেহ পরিচয় সনাক্ত করেন।
এ বিষয়ে পিয়ারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার জনি জোয়ার্দার বলেন, গত ২৮ তারিখ সন্ধ্যায় রাজা নিখোঁজ হয় এবং ২৯ তারিখ রাজার পিতা ও আমি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করে আসি। আজ তার মরদেহ উদ্ধার হলো। এই হত্যা কান্ডের সাথে জড়িতদের সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে ভেড়ামারা দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, মাঠের মধ্যে অর্ধগলিত মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনা স্থানে আসি। পরে সিআইডি টিমের সহযোগিতায় মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহটি নিখোঁজ রাজার। প্রাথমিক অবস্থায় এটা হত্যাকান্ড বলে ধারনা করছি আমরা।