ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা গেট এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে খুলনা থেকে চিলাহাটীর উদ্দেশে ছেড়ে যাওয়া মহানন্দা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে সংশ্লিষ্টদের জানান। বিকেল পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহতের পরনে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করছেন।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার রুহুল আমিন বলেন, খুলনা থেকে চিলাহাটীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।