ঝিনাইদহ শহরের ধোপাঘাটা পুরাতন ব্রিজ এলাকায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) রিলাই প্রকল্পের আওতায় নির্মিত আরডিসিএসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভবনটির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএফের যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা, নির্মাণ ও পরিবেশ বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুর রহমান, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আয়োজকেরা জানান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান এসডিএফ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করছে। রিলাই প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের সক্ষমতা বাড়ানো ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনির্মিত ভবনটি চালু হওয়ায় প্রকল্পের কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নেও গতি আসবে।