চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে ৪টি সোনার বারসহ সেলিম হোসেন (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটক সেলিম হোসেন একই উপজেলার ধোপাখালী গ্রামের সদরপাড়ার বাবর আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে পরিবহন কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি ছোট মাইকও জব্দ করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সোমবার (১২ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত সাড়ে ৯টার দিকে দিকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে সেলিম হোসেনকে আটক করে। এসময় তার ভ্যানের সামনে লাগানো সাদা রঙের একটি ছোট মাইকের ব্যাটারি রাখার স্থান থেকে ৪টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫৪৭ দশমিক ৫১ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা।
জব্দ করা মালামালসহ আটক সেলিম হোসেনকে জীবননগর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলেও জানান বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক।