খেলতে গিয়ে ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামের ক্যাম্প পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের বাবু মিয়ার ৪ বছরের ছেলে নাহিয়ান ও তার ৩ বছরের ফুপাতো বোন হুমাইরা খাতুন দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

ওই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, নিখোঁজ দুই শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।