খুলনায় দুর্বৃত্তের গুলিতে নারীর মৃত্যু

এবার খুলনায় কুপিয়ে ও গুলি করে খুশি (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত খুশি ওই এলাকার সুমন সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুমন সরদার ও তার স্ত্রী খুশি এলাকার চিহ্নিত মাদক মাদক কারবারি। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে একটি মোটরসাইকেল যোগে এসে দুই যুবকের একজন খুশিকে কুপিয়ে এবং গুলি করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহতের স্বামী সুমন সরদার এলাকায় ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে হত্যাকাণ্ডে কারা জড়িত এবং এর পেছনে প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলের আশপাশের মানুষের কাছ থেকে হত্যার তথ্য সংগ্রহ করা হয়েছে।  আসামিদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।  

এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলি সামনে তুষার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।