খুলনার ডুমুরিয়া উপজেলায় প্রকাশ্যে দিনদুপুরে চায়েব দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম শেখ উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ২টার দিকে তরিকুল জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানের ভেতরে বসে ছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে চায়ের দোকানে ঢোকে এবং তরিকুলকে লক্ষ্য করে খুব কাছ থেকে লক্ষ্যভিত্তিক গুলি বর্ষণ করে। গুলির শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করে।
স্থানীয় পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে।
নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের দাবি, এলাকাকে অস্থিতিশীল করতে এবং রাজনৈতিক শত্রুতার জের ধরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। দ্রুত সময়ের মধ্যে ঘাতকদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।