সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর আহত হয়ে প্রাণে বেঁচে ফেরা সাতক্ষীরার শ্যামনগরের বাবলু গাজীকে এক লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে সরকার। বৈধ অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণের শিকার হওয়ায় ক্ষতিপূরণ বিধিমালার আওতায় তাকে এ সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খুলনায় বন সংরক্ষকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাবলু গাজীর হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হাসানুর রহমান ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম।
সহায়তা পাওয়া বাবলু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের বাসিন্দা।
বন বিভাগ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ মে বৈধ অনুমতিপত্র নিয়ে সহযোগীদের সঙ্গে মধু সংগ্রহ করতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে যান বাবলু। একপর্যায়ে কচিকাটা এলাকার পায়রাটুনি খালের পাড়ে উঠলে পেছন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার তার ওপর আক্রমণ করে। এ সময় সঙ্গে থাকা সহকর্মীরা প্রায় সাত থেকে আট মিনিট চেষ্টা চালিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে দ্রুত তাঁকে লোকালয়ে নিয়ে যাওয়া হয়।
দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় সরকারের ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা’ অনুযায়ী তাঁকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন বলেন, বৈধ অনুমতিপত্র নিয়ে বনে প্রবেশের পর কোনো বনজীবী বন্যপ্রাণীর আক্রমণে আহত বা নিহত হলে সরকারি বিধান অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে। সেই বিধিমালার আওতায় বাবলু গাজীকে এক লাখ টাকা দেওয়া হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল প্রান্তিক মানুষের জীবন ও জীবিকা নানা ঝুঁকির মধ্যে থাকে। বনজীবীদের সুরক্ষা, আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার গুরুত্ব দিচ্ছে।
তারা আরও জানান, লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকানো এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) কার্যক্রম জোরদার করা হয়েছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতেও কাজ করছে বন বিভাগ।