নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির আয়োজিত মিছিলে হামলার ঘটনায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় শাহিন ও সোহেল মোল্লা গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক।