কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, আমার কাছে সন্ত্রাসী টাইপের একজন রাতের বেলা এসে বলে, আপনি তো আলেম মানুষ, বেশি না, দুই টাকা করে খাবেন। হিসাব করলে বছরে প্রায় ৪৮ থেকে ৫০ কোটি টাকার মতো ওই জায়গা থেকে আসবে। কুষ্টিয়া সদরে এ রকম ৩৩টি জায়গা রয়েছে, যেখানে চাঁদাবাজি চলে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে দুর্নীতিমুক্ত মানুষকে দায়িত্ব দিতে হবে। কিন্তু বর্তমানে দায়িত্বশীল ব্যক্তিদের দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত কোনও ফলাফল পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, বর্তমানে মাছ ধরার জন্য প্রায় ৩০ হাজার ট্রলার সমুদ্রে যায়। অথচ নিবন্ধিত ট্রলারের সংখ্যা মাত্র ৮ হাজার। বাকি ২২ হাজার ট্রলার নিবন্ধনের বাইরে রয়েছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মামুন আল রশীদ, আইআইইআরের পরিচালক ড. মোস্তাফিজুর রহমান ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম ও বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।