নড়াইলে ৩০ বাড়িতে আগুন

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনার পর প্রতিশোধমূলক হামলার অভিযোগ উঠেছে। উপজেলার বেন্দারচর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ দলটির কয়েকজন নেতা-কর্মীর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দাবি, ঘটনাস্থলে গিয়ে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন জ্বলতে দেখেছেন তারা।


গত বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় দলটির দুই নেতা নিহত হন। নিহতরা হলেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম। এ হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার বিকেলে বিএনপির লোকজন বেন্দারচর গ্রামে গিয়ে সাবেক এমপি বি এম কবিরুল হক মুক্তি ও সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা চালান। এ সময় গ্রামের প্রায় ৫০টি বাড়ি ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন উপজেলার বড় কালিয়া এলাকায় আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

 তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে উপজেলা বিএনপি। দলটির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি নেতাদের উপস্থিতিতে এসব ঘটনা ঘটেছে বলে যে প্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক।

অন্যদিকে, বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাটের খবরকে মিথ্যা বলে দাবি করেছে নড়াইল জেলা পুলিশ। পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরোনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এর মাধ্যমে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

 বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের ওপর হামলা কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে আক্রমণের ঘটনাও ঘটেনি।

এ বিষয়ে বিএনপি নেতা স ম ওয়াহিদুজ্জামান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রায় ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। তাঁদের সঙ্গে বিএনপির সুসম্পর্ক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শতাধিক বাড়িতে হামলার যে তথ্য ছড়ানো হচ্ছে, সেটিও সঠিক নয় বলে দাবি করেন তিনি।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবারের হত্যাকাণ্ডের জেরে শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে নিহত দুই নেতার ক্ষুব্ধ স্বজন ও কয়েকজন সমর্থক বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তাঁরা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলা চালিয়ে চলে যান।
খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, নিহত দুই বিএনপি নেতার স্বজন ও সমর্থকেরা গ্রামে গিয়ে তিন থেকে চারটি বাড়িতে ভাঙচুর করেছেন। এলাকাটি হিন্দু অধ্যুষিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হচ্ছে, বাস্তব পরিস্থিতি তেমন নয়।

কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল চারটার দিকে বেন্দারচর এলাকায় আগুনের সূত্রপাত হয়। তবে কেউ ফায়ার সার্ভিসে ফোন না করায় এবং এলাকায় প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতা থাকায় তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।

পরে রাত আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন বাড়িতে আগুন দেখতে পান। আগুনের তীব্রতা তখন কমে এসেছিল। কিছু আগুন তাঁরা নিয়ন্ত্রণে আনেন, বাকিগুলো নিজে থেকেই নিভে যায়।
হুমায়ুন কবিরের ভাষ্য, ঘটনাস্থলে আনুমানিক ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখা গেছে। গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে একাধিক ঘর থাকায় ক্ষতিগ্রস্ত ঘরের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।