বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব।রোববার (২২ নভেম্বর) ভোরে বনবিভাগের তত্ত্বাবধানে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই ও ঢাংমারী স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দুবলার চরে যাত্রা শুরু করেন।
এরপর দুবলার চরের আলোরকোলে স্থাপিত অস্থায়ী মন্দিরে রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরে পূণ্য স্নানের মধ্যদিয়ে এই উৎসব শেষ হবে। তবে এবারও সেখানে রাস উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন থাকছে না। এবার হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মের লোকজন বা পর্যটকদের দুবলার চরে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ণার্থীদের শুধুমাত্র পূজা ও স্নান শেষে ফিরতে হবে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পূর্ণার্থীরা নির্ধারিত রাজস্ব ও জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে এবং বনবিভাগ থেকে পাস নিয়ে পূর্ব নির্ধারিত রুটে একত্রিত হয়েছে। রোববার ভোরে তাদের বনবিভাগের তত্ত্বাবধানে দুবলার চরে নিয়ে যাওয়া হচ্ছে এবং একই রুট দিয়ে তাদের ফিরতে হবে। বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার ও প্লাস্টিক বর্জ্য দূষণরোধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, রাস উৎসব ঘিরে বনবিভাগের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
বন বিভাগের অনুমোদিত পাঁচটি নৌপথ হলো- (১) বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর; (২) কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চর; (৩) নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চর; (৪) ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলার চর এবং (৫) বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।
জানা গেছে, ১৮ শতকের শেষভাগে বা ১৯ শতকের শুরুর দিকে হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসী সুন্দরবনের দুবলার চরে এই রাস পূজার গোড়াপত্তন করেন। এরপর থেকে দুবলা ফিশারম্যান গ্রুপের আয়োজনে দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমায় সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে এটি পালিত হয়ে আসছে।