ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ৪ হাজার ৬৫০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কৃষি বিভাগ জানায়, রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও গমের আবাদ ও উৎপাদন বাড়াতে এসব উপকরণ দেওয়া হচ্ছে। এর মধ্যে ৪ হাজার কৃষককে ১ কেজি করে সরিষার বীজ ও ২০ কেজি রাসায়নিক সার, ৫০০ কৃষককে ৫ কেজি করে মসুরের বীজ ও ১৫ কেজি সার এবং ১৫০ কৃষককে ২০ কেজি করে গমের বীজ ও ৭৩ কেজি রাসায়নিক সার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মাসুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।