শৈলকুপায় আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দোহারো গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সঙ্গে ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের বিরোধ চলছিল। এর জেরে সোমবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় গ্রামের অন্তত ২০টি বাড়িঘর ও দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্র আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।