চুয়াডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন বিপ্লব হোসেন সাগর (২০) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

মৃত সাগর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কলেজ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পরীক্ষার হলে প্রবেশ করেন সাগর। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে রিকশাভ্যানে করে একজনের সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে উত্তরপত্রে দেওয়া অভিভাবকের ফোন নম্বরে যোগাযোগ করেন কলেজের শিক্ষকেরা।

চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে হলে প্রবেশ করেছিলেন সাগর। উত্তরপত্রে রোল নম্বর লেখার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম শাহীন বলেন, শিক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর পেয়ে তিনি দ্রুত পরীক্ষা কেন্দ্রে যান। সাগরকে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইসরাত জেরিন জেসি পরীক্ষা-নিরীক্ষার পর সাগরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।