টিকটকে প্রেম, বেনাপোলে ঘর বাঁধলেন মালয়েশিয়ান তরুণী

ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসে যশোরের বেনাপোল এলাকায় এক যুবককে বিয়ে করেছেন নূর হায়াতি (২৭) নামের এক মালয়েশিয়ান তরুণী।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়, এরপর প্রেম। দীর্ঘদিনের সেই প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে বিয়ের বন্ধনে। দুই দেশের দুই মানুষের এমন ব্যতিক্রমী বিয়েকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও কৌতূহল।

বর সোহাগ হোসেন (৩৪) যশোরেরর বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নিলুফা খাতুন দম্পতির ছেলে।

দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন সোহাগ। সেখানে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে মালয়েশিয়ান তরুণী নূর হায়াতির সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে পরিচয় গড়ায় গভীর প্রেমের সম্পর্কে।

দীর্ঘদিনের ভালোবাসাকে স্থায়ী সম্পর্কে রূপ দিতে সোহাগকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন নূর হায়াতি। সেই সিদ্ধান্ত থেকেই সম্প্রতি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে আসেন তিনি।