দেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। প্রচার করা হচ্ছে, সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। এই সাপের আক্রমণ আতঙ্কে এখন দিন পার করছেন জনসাধারণ। এ দিকে সারা দেশে আতঙ্ক ছড়ানো রাসেলস ভাইপার সাপ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। দেশের সব হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখার পাশাপাশি কোনো অবস্থাতেই যেন অ্যান্টিভেনমের স্টক খালি না থাকে, সেই নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তবে খুলনা অঞ্চলে এখনো রাসেলস ভাইপারের দেখা না মেলায় অনেকটা স্বস্তি মিলেছে। আর পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন জেলা সিভিল সার্জন।
জেলার হাসপাতালগুলোতে মোট অ্যান্টিভেনম রয়েছে ৩৭০ ভলিউম। এর মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের আওতায় ১৯০টি ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ১৮০ ভলিউম। যা দিয়ে ৩৭ জনের চিকিৎসা সম্ভব।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, খুলনা জেনারেল হাসপাতালসহ ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম ভ্যাক্সিন ১৯০টি আছে। প্রতি রোগীকে দিতে হয় ১০টি করে অর্থাৎ খুলনা জেলায় ১৯ জনকে সেবা দেওয়া যাবে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মো. মেহেদি হাসান বলেন, ‘আমাদের পর্যাপ্ত ভায়াল অ্যান্টিভেনম ভ্যাক্সিন আছে যা দিয়ে প্রাথমিকভাবে দশ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া যাবে।’
হাসপাতালের মেডিসিন বিভাগের অপর চিকিৎসক মো. শাহরুখ আহমদ বলেন, ‘গত চার-পাঁচ মাসে আমার ইউনিটে কোনো বিষাক্ত সাপে কামড়ানো রোগী আসেনি।’
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা. দিলীপ কুমার কুন্ডু জানান, খুমেকে ১৮০টি অ্যান্টিভেনম মজুদ রয়েছে যা দিয়ে ১৮ জন সেবা নিতে পারবেন। তবে এখন পর্যন্ত আমাদের হাসপাতালে রাসেলস ভাইপার সাপের কামড়ে আক্রান্ত কোনো রোগী আসেনি।
ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, জেলায় রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে এসেছে বলে জানা যায়নি। জেলার সকল উপজেলা হাসপাতালে সাপে কামড়ানো রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টিভেনম মজুদ আছে।
তিনি আরও বলেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের কিছু নেই। এই সাপ যদি কাউকে কামড়ায়, তাহলে সময়মতো যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে কোনো ক্ষতি হবে না। শুধু রাসেলস ভাইপার নয়, যে কোনো সাপে কামড় দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।