মোংলায় হরিণের মাংস জব্দ, নারীসহ আটক ৬

বাগেরহাটের মোংলায় ১১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় নারীসহ ছয় জনকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (৮ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের মো. রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন, সাইদুল ইসলাম ও ঝিনাইদাহের কালীগঞ্জের কল্পনা আক্তার নাজু ও মোসাম্মাত মুক্তা। এসময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মুসফিক উস সালেহিন জানান, গোপন খবর পেয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় দিকে মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালান কোস্ট গার্ড। ওই সময় মোংলা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১কেজি হরিণের মাংস জব্দ করেন কোস্ট গার্ড সদস্যরা। এছাড়া ওই ঘটনার সঙ্গে জড়িত থাকা ছয় চোরাচালানকারীকে আটক করা হয়।

পরে জব্দ করা হরিণের মাংস, মাইক্রোবাস ও আটকদের ঢাংমারী স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন,  আটকদের বিরুদ্ধে বন আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।