পশ্চিম সুন্দরবনের জোংড়া এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংস ও শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। সোমবার ( ২০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস।
তিনি জানান, খবর পেয়ে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে জোংড়া টহল ক্যাম্পের পেছনের বনের গহীনে অভিযান চালান বনপ্রহরীরা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫ কেজি হরিণের মাংস, মাথা, পা ও চামড়া জব্দ করা হয়। এছাড়া প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যের হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কেউকে আটক করা না গেলেও বন আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে শিকারীদের শনাক্ত ও আটকে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।