থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

কুষ্টিয়ার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এতে সড়কের দু’পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। 

সদর উপজেলার বৃত্তিপাড়া বাজারে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির ব্যানারে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

বিক্ষোভে ঝাউদিয়াসহ আশপাশের ছয় ইউনিয়নের কয়েকহাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাস বলেন, ঝাউদিয়া থানা বাস্তবায়নের সব কার্যক্রম সমাপ্ত হলেও থানা উদ্বোধনে নানা গাফিলতি করা হচ্ছে। তাই মঙ্গলবার আমরা ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, থানা স্থানান্তরের জন্য কিছু প্রক্রিয়া আছে। অবকাঠামো নির্মাণের ব্যাপার আছে। সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার। ব্যাপারটা তাদের বুঝতে হবে।

এদিকে, সড়ক অবরোধ করা যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বর্তমানে অবরোধ চলছে।