যশোরে পানিতে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর

যশোরে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার লাউখালীতে মোহাম্মদ মুজাহিদ (৭) এবং আপন হোসেন (৮) নামে ২ শিশুর মৃত্যু হয়। মৃত মুজাহিদ ও আপন সম্পর্কে খালাতো ভাই। 
 
মৃত মুজাহিদের খালু মফিজুর রহমান জানিয়েছেন, তারা দুজনই ৭ মাইলে তাদের নানা বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল। সেখানেই খেলার সময় অসাবধানতাবশত ২ জনেই পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুজাহিদের বাড়ি সুলতানপুরে এবং আপনের বাড়ি রসুলপুরে। 
 
একইদিন সকালে চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়ায় তাওহীদ হাসান (৫) নামে আরও এক শিশুর মৃত্যু হয়। 
 
মৃত তাওহীদ হাসান চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের কাঁঠালতলার বিপুলের ছেলে। সে পাশ্ববর্তী ইসলামপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। 
নিহতের নানা তরফ আলী জানান, সকালে সবার অজান্তে শিশু তাওহীদ হাসান খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এ সময় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। 
 
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে দুইটি শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। প্রাথমিক পরিক্ষা শেষে মুজাহিদকে মৃত ঘোষণা করা হয়। আপনকে জরুরি বিভাগে ব্যবস্থাপত্র দেওয়ার সময় তার মৃত্যু হয়। ২ জনই পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 
 
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানিয়েছেন, পৃথক দুটি স্থানে পানিতে ডুবে ৩ জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ২ জন সম্পর্কে খালাতো ভাই। বর্তমানে শিশু দুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপর এক শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়নি।