বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ লক্ষ্যে সাংবাদিকদেরও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় কর্মরত বৃহত্তর ময়মনসিংহের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বৃহত্তর ময়মনসিংহের অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি জানান, ঢাকার বিমানবন্দর পর্যন্ত বিদ্যমান এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার ভালুকা পর্যন্ত সম্প্রসারণের দাবিতে ময়মনসিংহ বিভাগের ৩৪ জন সংসদ সদস্যের স্বাক্ষরসংবলিত ডিও লেটার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে নীতিগত সিদ্ধান্ত এবং একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও জানান, ময়মনসিংহের সঙ্গে দ্রুতগতির রেল যোগাযোগ চালু এবং ময়মনসিংহ রেলওয়ে স্টেশন আধুনিকায়নের বিষয়েও প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে।
হাসপাতালগুলোতে রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শুধু আর্থিক দুর্নীতি নয়, সেবাবঞ্চনার ঘটনাগুলোকেও দুর্নীতির অংশ হিসেবে বিবেচনা করে সাংবাদিকদের তা অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা উচিত।
তিনি জানান, দেশের প্রতিটি জেলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবং কমিউনিটি সেন্টারভিত্তিক একটি করে মানসম্মত প্রেস ক্লাব নির্মাণের প্রস্তাবও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
সভার শুরুতে উপস্থিত সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
মতবিনিময় সভায় এরফানুল হক নাহিদ, মাসউদুল হক, রফিক মুহাম্মদ, আনিসুর রহমান খান, উবায়দুল্লাহ বাদল, হামিদুল হক মানিক, শফিউল আলম দোলন, মাসুদ করিম, মো. গোলাম কিবরিয়া, মাহমুদুল হাসান, বাহারাম খানসহ অন্যান্য সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।