নিখোঁজের ২ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের দুইদিন পর জহুরুল ইসলাম (৫০) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার মাথাভাঙা মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জহুরুল ইসলাম (৫০) উপজেলা গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তোফাজ্জলের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার ঘুঘুমারী এলাকা থেকে যাত্রী নিয়ে অটো চালিয়ে বালিজুড়ী বাজারে যাওয়ার পথে আমলীতলা এলাকায় অটো রেখে নিখোঁজ হয় চালক জহুরুল।

অটোরিকশায় মরিচের গুড়া দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিখোঁজ এর ঘটনায় মঙ্গলবার রাতে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করে নিখোঁজ পরিবার। বৃহস্পতিবার নিখোঁজ জহুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভুঞা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অটোচালকের মরদেহ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোচালককে হত্যা করা হয়েছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।