জামালপুরে এক গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধভাবে ধর্ষণের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে মো. ছাত্তার আলী (৪০), কয়ড়ার পাড় এলাকার মৃত শামছুল হকের ছেলে মো. আব্দুল মালেক (৪২) এবং একই এলাকার মৃত নায়েব আলীর ছেলে মো. আনু (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া এলাকায় নিজ বাড়িতে একা ছিলেন ওই নারী। রাত আনুমানিক ১১টার দিকে কয়েকজন ব্যক্তি তার বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করেন। পরে তারা তাকে ঘর থেকে বের করে পাশের একটি বাঁশঝাড়ের নিচে নিয়ে যান। সেখানে আসামিরা পাহারা দেন এবং এক আসামি ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরদিন ভুক্তভোগী স্থানীয়দের বিষয়টি জানান। পরে তাদের পরামর্শে তিনি মামলা করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, মামলায় রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং অপহরণের দায়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।