ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগে একটি অবৈধ কারখানা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানায় কর্মরত সাত শ্রমিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানার মালিক শরাফ উদ্দিন এবং জমির মালিক আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শফিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার ১২ নম্বর স্বদেশী ইউনিয়নের স্বদেশী উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় কারখানাটিতে ব্যাটারি পোড়ানোর মাধ্যমে সিসা তৈরির কার্যক্রম চলছিল।
উপজেলা প্রশাসন, পুলিশ, র্যাব-১৪, ব্যাটালিয়ন আনসার ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বদেশী উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কার্যক্রম চলছিল। এতে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে প্রশাসনের নজরে আসে। পরে অভিযান চালিয়ে কারখানার চুল্লিতে পানি দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ সময় কারখানায় কর্মরত সাত শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আ. মান্নান (৪৮), আ. রহিম (২৪), মো. মঞ্জুরুল ইসলাম (২৪), মো. মেহেদী হাসান (২২), মো. আনারুল ইসলাম (৪০), মো. মশিউর (২৮) ও মো. শিপন (২০)।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, অভিযানে একটি ট্রাক, ১০০ বস্তা কয়লা, দুটি ব্লু-আর মেশিন, একটি স্কেল ও ১৫০টি ব্যাটারি জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কারখানাটির মালিক ও জমির মালিকের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, অবৈধভাবে পরিচালিত সিসা তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।