আসামির স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত

জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি এনামুল হককে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই হিমন, এএসআই আওয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল আবু তাহের। তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ধস্তাধস্তির সময় এসআই হিমনের বাম হাতে আঘাত লাগে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ থানার এসআই হিমনের নেতৃত্বে এএসআই আওয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল আবু তাহের পরোয়ানাভুক্ত আসামি এনামুল হককে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান চালান। এনামুল হক (২৮) ২ নম্বর চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে।

অভিযানের সময় এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের বাধা দেন এবং তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। এ সময় চার পুলিশ সদস্য আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এনামুল হক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।