জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে দাদির মৃত্যু

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বাতাসী বেওয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার নাতি তামীম (১০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাতাসী বেওয়া পূর্ব শ্যামপুর গ্রামের মৃত সিদ্দিক পাঠানের স্ত্রী। আহত তামীম একই গ্রামের মুছা পাঠানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে বাড়ির বসতঘরে থাকা একটি স্টিলের শোকেস সরানোর চেষ্টা করছিল তামীম। এ সময় ঘরের বৈদ্যুতিক তার ছিঁড়ে শোকেসের ওপর পড়ে যায়। এতে শোকেসটি বিদ্যুতায়িত হয়ে তামীম বিদ্যুৎস্পৃষ্ট হয়।

নাতিকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে তাকে উদ্ধার করতে এগিয়ে যান বাতাসী বেওয়া। এ সময় তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা দুজনকে দ্রুত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাতাসী বেওয়াকে মৃত ঘোষণা করেন। আহত তামীমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বসতঘরের আসবাবপত্র সরানোর সময় জিআই তারের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তামীম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।