ময়মনসিংহ বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। প্রাথমিকভাবে অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে যাচ্ছে।