ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে তৈরি হয়েছে এক নাটকীয় পরিস্থিতি। পারিবারিক আয়োজনে বিয়ের পরপরই এক অন্তঃসত্ত্বা তরুণী অনাগত সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই তরুণী বরের বাড়িতে অবস্থান নিয়েছেন।
পরে নববধূকে নিয়ে বাড়ি ছেড়েছেন বর ওমর ফারুক। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, চর লক্ষীদিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ওমর ফারুক গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পারিবারিকভাবে বিয়ে করে নববধূকে নিজ বাড়িতে তুলে আনেন। বাসর রাতে ১০টার দিকে বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা ও আনন্দ চলার মধ্যেই সেখানে হাজির হন এক অন্তঃসত্ত্বা তরুণী।
শনিবার (২১ নভেম্বর) বিকাল পর্যন্ত তিনি ওই বাড়িতেই অবস্থান করছিলেন। পরে আইনি পদক্ষেপ নিতে রোববার (২২ নভেম্বর) তিনি ময়মনসিংহ শহরের উদ্দেশে রওনা হন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ওমর ফারুকের সঙ্গে তার ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফারুক তাকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। কিছুদিন পর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ফারুককে বিয়ের জন্য তাগিদ দেন; কিন্তু ফারুক নানা টালবাহানায় সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেন। এরই মধ্যে বৃহস্পতিবার অন্যত্র বিয়ে করার খবর পেয়ে ওই তরুণী স্ত্রীর স্বীকৃতি ও সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে ফারুকের বাড়িতে গিয়ে অবস্থান নেন।
এদিকে ফারুক আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার দাবি করেন, নববধূকে বাড়িতে আনার পর রাতে ওই তরুণী এসে সম্পর্কের কথা বললেও স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। একপর্যায়ে তিনি চিৎকার-চেঁচামেচি ও আত্মহত্যার হুমকি দিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ফারুক নববধূকে নিয়ে বাড়ি থেকে চলে যান।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ওই তরুণীর ভাষ্যমতে ঘটনার সূত্রপাত হয়েছিল ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায়। ঘটনাস্থল ময়মনসিংহ সদর থানার আওতাধীন হওয়ায় তাকে সেখানেই আইনি প্রতিকার নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।