ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাছ চুরি ঠেকাতে পুকুরে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন এক ব্যক্তি। সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তার স্ত্রী ও চাচাতো ভাই। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার চৌদার পূর্ব উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন- উপজেলার চৌদার গ্রামের দলি ব্যাপারী বাড়ির হারুন অর রশিদ ওরফে হারু (৫০) এবং মাওলানা শায়েখ সেকান্দর আলীর স্ত্রী আফরোজা (৪৫)। হারুন অর রশিদ সেকান্দর আলীর চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে মাছ চুরি ঠেকাতে নিজের পুকুরের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুতের সংযোগ দেন মাওলানা শায়েখ সেকান্দর আলী। সকালে উঠে সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যান তিনি। সেকান্দর আলীর স্ত্রী আফরোজা সকালে ওই পুকুরপাড়ে লাউগাছের মাচা থেকে লাউ তুলতে যান। লাউ ছিঁড়তে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। তাকে ছটফট করতে দেখে তার দেবর হারুন অর রশিদ বাঁচাতে এগিয়ে যান। এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। মাছের খামারের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই ঘটনা ঘটেছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।