সিরাজগঞ্জে অটোভ্যানে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো দম্পতির

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী অটোভ্যান দুমড়ে-মুচড়ে গিয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী-নিমগাছী আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের জালাল উদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী অটোভ্যানটি খৈচালা এলাকা অতিক্রম করার সময় একটি দ্রুতগামী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত চারজনকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর কিছুক্ষণ সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।