গাছপালার শাখা-প্রশাখা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগরীর বেশ কিছু এলাকায় টানা প্রায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কাটার জন্য এই সাময়িক বিরতি নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদার পাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা, উপর-ভদ্রা, শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড় এবং এর আশপাশের এলাকাগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।