নাটোরের সিংড়ায় অভিনব কায়দায় মাটির নিচে পানির ট্যাংকে লুকিয়ে রাখা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশে এই তেল অবৈধভাবে মজুত করায় মো. রুবেল (৩৪) নামের এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার সিংড়া থানা মোড় সংলগ্ন নিংগইন ভাটোপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ে তল্লাশি চালায় উপজেলা প্রশাসন। সেখানে মাটির নিচে পোতা একটি বিশাল পানির ট্যাংকের ভেতরে মজুত করা অবস্থায় প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। অবৈধভাবে এই বিপুল পরিমাণ তেল মজুত রাখার দায়ে ‘সততা ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী রুবেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত রুবেল ওই এলাকার মো. বেল্লাল হোসেনের ছেলে।
অভিযান শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত সাংবাদিকদের বলেন, ‘জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা একটি দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে প্রশাসনের এই তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’
স্থানীয়রা জানান, তেলের বাজারে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে কৌশলে লোকচক্ষুর আড়ালে এই মজুত করা হয়েছিল। প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।