চাঁপাইনবাবগঞ্জের শাজাহানপুরে গ্রাম্য সালিশে দুপক্ষের সংঘর্ষে ইব্রাহিম আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম আলী (৩৮) ওই গ্রামের মো. শওকত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক চোরাকারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তি করতে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।
সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।