সিংড়ায় পৌরকর কমানোর দাবিতে মানববন্ধন

নাটোরের নতুন করে পৌরকর অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদ এবং দ্রুত পৌরকর কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১১টায় সিংড়া কোর্ট মাঠ চত্বরে সিংড়া পৌর সচেতন নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
এতে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে।
সিংড়া পৌর সচেতন নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
 
এ সময় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট তাপস, আজিজুল হক মাস্টার, আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ যে নতুন কর নির্ধারণ করেছে তা অযৌক্তিক, অমানবিক এবং সাধারণ পৌরবাসীর জন্য বহন করা কঠিন। তারা অবিলম্বে এই অস্বাভাবিক কর বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সিংড়া পৌরসভার বাসিন্দারা এখনো প্রত্যাশিত নাগরিক সুবিধার প্রায় ৭৫ শতাংশ থেকে বঞ্চিত। এমন পরিস্থিতিতে বারবার কর বৃদ্ধি করা পৌরবাসীর সঙ্গে প্রহসনের শামিল।
 
মানববন্ধন থেকে বক্তারা পূর্বের করহার বহাল রাখার দাবি জানান। পাশাপাশি দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।