চাকরির মেলায় কর্মসংস্থানের সুযোগ পেলো ৪০ জন

তরুণ ও যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৭ জুন ) পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ মেলায় অংশ নিয়ে তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন ৪০ জন যোগ্য চাকরি প্রত্যাশি।
 
‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ প্রকল্পের আওতায় জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) এ মেলার আয়োজন করে। এতে সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
জেআরডিএমের নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তর, জয়পুরহাটের উপ-পরিচালক মকছুদুল কবীর, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোশাররফ হোসেন, জেআরডিএমের পরিচালক শওকত আলী এবং মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাহিন রেজা।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এ ধরনের আয়োজন বেকার যুবকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হওয়ায় কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে।
 
আয়োজকরা জানান, মেলায় অংশগ্রহণকারী ৪০ জন যুবক-যুবতীর তাৎক্ষণিক চাকরি লাভ একটি উল্লেখযোগ্য সাফল্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। এছাড়া বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেন এবং সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন।