নাতির প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ

নাতি জন্মের খুশিতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নানার উৎসব

দীর্ঘ ১২ বছর অপেক্ষার পর মেয়ের ঘরে পুত্র সন্তান জন্ম নেওয়ায় আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন নানা হান্নান। সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে সাত মাস বয়সী নাতিকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছেন তিনি।

ব্যতিক্রমী এ আয়োজনের ঘটনা ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের জোরমল্লিকা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, হান্নানের কোনো পুত্র সন্তান নেই। তাঁর একমাত্র মেয়ে পান্না খাতুনের বিয়ে হয়েছে একই ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মনির হোসেনের সঙ্গে। দম্পতির প্রথম সন্তান ছিল একটি কন্যা। সেই কন্যা সন্তানের জন্মের দীর্ঘ ১২ বছর পর তাদের ঘরে জন্ম নেয় পুত্র সন্তান আব্দুর রহমান বিন মুসালিন।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাতির জন্মে আনন্দে উদ্বেলিত নানা হান্নান এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন। সাত মাস বয়সী নাতিকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বসিয়ে নিজ গ্রাম জোরমল্লিকা থেকে শাহবাজপুর গ্রাম পর্যন্ত শোভাযাত্রা বের করা হয়। এ সময় নাচ-গান, আনন্দ-উল্লাসের পাশাপাশি পথচারী ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ দৃশ্য দেখতে রাস্তায় ভিড় করেন উৎসুক মানুষ। শোভাযাত্রায় অংশ নেওয়া স্বজন ও গ্রামবাসীরা জানান, এমন আয়োজন এলাকায় খুব কমই দেখা যায়। নাতির প্রতি নানার ভালোবাসা ও আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে এ আয়োজন সবার মন ছুঁয়ে গেছে।

হান্নান বলেন, ‘আমার কোনো ছেলে নেই। মেয়ের ঘরে ১২ বছর পর একটি ছেলে সন্তান হয়েছে। নাতিকে নিয়ে আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই সবার সঙ্গে এই খুশি ভাগাভাগি করতে ছোট্ট এই আয়োজন করেছি।’