প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় ও দারুণ সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জনই বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। এর মধ্যে ৪০ জন ট্যালেন্টপুলে এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক ফলাফলের এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান শিক্ষক লতিফা হক বলেন, আমাদের শিক্ষার্থীদের এই ঈর্ষণীয় সাফল্য মূলত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং এমন ফলাফল ধরে রাখতে বিদ্যালয়ে নিয়মিত মানসম্মত পাঠদান, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বিশেষ প্রস্তুতিমূলক ক্লাস নেওয়ার ব্যবস্থা অব্যাহত থাকবে।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের মোট ৯৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪২০ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৫৪৩ জন শিক্ষার্থী রয়েছে।
মেধার এই প্রতিযোগিতায় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। মোট বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৭৬৩ জনই সরকারি স্কুলের শিক্ষার্থী, যাদের মধ্যে ৩৪০ জন ট্যালেন্টপুল এবং ৪২৩ জন সাধারণ বৃত্তি পেয়েছে। অন্যদিকে কিন্ডারগার্টেনের মোট ২০০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
পরীক্ষার সামগ্রিক ফলাফল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই আশাব্যঞ্জক ফলাফল করেছে। জেলার সুনামধন্য স্কুলগুলোতেও পাসের হার ও মান চমৎকার। এর মধ্যে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৩ জন পরীক্ষা দিয়ে ৫২ জনই বৃত্তি পেয়েছে, যা একটি অনন্য রেকর্ড। যে একটি শিশু বৃত্তি পায়নি, সেও অত্যন্ত মেধাবী। এই ভালো ফলাফল শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল বলে জানান তিনি।
গত ১৫ এপ্রিল জেলার ১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মোট ৮ হাজার ২৪৮ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সরকারি অনুদান ও বিশেষ মেধা সনদ দেওয়া হবে।