যমুনা ভাঙণে নিঃস্ব বৃদ্ধাকে সহায়তা ইউএনওর

যমুনা নদীর ভয়াবহ ভাঙনে নিঃস্ব সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের শতবর্ষী রহিতন নেছাকে ভাতা কার্ড, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
 
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সারমিন তার কার্যালয়ে রহিতন নেছাকে ভাতা কার্ডের ব্যবস্থা করে দেন এবং খাদ্যসামগ্রী প্রদান করেন। এ সময় শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন শতবর্ষী রহিতন নেছাকে নগদ অর্থ প্রদান করেন। ইউএনও সাবরিনা সারমিন রহিতন নেছাকে একটি ঘর প্রদানসহ অন্যান্য সহায়তা করার আশ্বাস দেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বর্ষা মৌসুমের শুরুতেই ধীতপুর গ্রামের হতদরিদ্র শতবর্ষী রহিতন নেছার বসতঘর যমুনা নদীতে বিলীন হয়ে যায়। ফলে তিনি এক মেয়েকে নিয়ে ভাঙনকবলিত এলাকায় মানবেতর জীবনযাপন করছিলেন।
সম্প্রতি ইউএনও সাবরিনা সারমিন সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামে যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে যান। সেখানে তিনি ভাঙনে নিঃস্ব রহিতন নেছার করুণ অবস্থা দেখে তাকে ভাতা কার্ডসহ সরকারি সহায়তার আশ্বাস দেন। সে অনুযায়ী তিনি তাৎক্ষণিকভাবে শাহজাদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোকবুল হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
নির্দেশ পাওয়ার পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোকবুল হোসেন দ্রুত সময়ের মধ্যে রহিতন নেছার ভাতা কার্ডের প্রক্রিয়া শুরু করেন। মঙ্গলবার (২১ জুলাই) সেই প্রক্রিয়া সম্পন্ন হয়।
 
এদিকে, রহিতন নেছার থাকার কোনো ঘর না থাকায় সমাজসেবা অফিসের মাধ্যমে তাকে একটি ঘর দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে।
খাদ্যসামগ্রী গ্রহণের সময় শতবর্ষী রহিতন নেছা জীবনের শেষ প্রান্তে এসে সরকারি এ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি ইউএনও সাবরিনা সারমিনকে প্রাণভরে দোয়া করেন এবং কৃতজ্ঞতা জানান।