সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

নাটোরের সিংড়ার খেজুরতলায নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আল-আমিন (১৯) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

​রোববার (২ আগস্ট) ভোর ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

​নিহত আফজাল হোসেন নাটোর সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আহত আল-আমিন একই জেলার রিশিনওগা গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে।

​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথে অজ্ঞাত একটি ট্রাকে পেছনে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

খবর পেয়ে সিংড়া থানা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সকাল সাড়ে ৫টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফজাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত আল-আমিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।