বগুড়ার শেরপুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে লিজ নেওয়া একটি পুকুরের অন্তত ৬০ মণ মাছ মারা গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ছুতারপাড়া গ্রামে পুকুর জুড়ে মাছ ভেসে থাকতে দেখেন মৎস্যচাষি আবদুল মজিদ। তার দাবি, এই ঘটনায় প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, খামারকান্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবদুল মজিদ প্রায় পাঁচ বছর ধরে লিজ নিয়ে মাছ চাষ করছেন। ইউনিয়নের তিনটি পুকুরে তিনি মাছ চাষ করেন। এর মধ্যে দুটি পুকুরে মাছের পোনা উৎপাদন করা হয়। ছুতারপাড়া গ্রামের প্রায় দুই বিঘা আয়তনের একটি পুকুরে আবদুল মজিদ সিলভার কার্প, রুই, পাবদা, ট্যাংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন।
আবদুল মজিদ জানান, গতকাল বিকেলেও তিনি পুকুরে গিয়ে মাছের স্বাভাবিক চলাচল দেখেছেন। কিন্তু সকালে গিয়ে দেখেন, পুকুর জুড়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।
আবদুল মজিদের অভিযোগ, রাতের আঁধারে কেউ গ্যাস ট্যাবলেটজাতীয় বিষ প্রয়োগ করে মাছগুলো নিধন করেছে। এ ঘটনায় তিনি একজনকে সন্দেহ করছেন এবং তার পরিচয় পুলিশকে জানিয়েছেন। মাছ চাষই তাদের পরিবারের প্রধান জীবিকার উৎস। তাই জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।