এসএসসিতে উপজেলায় সেরা মাধুর্য পেলো ল্যাপটপ

নাটোরের সিংড়ায় এসএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করা মেহজাবিন মাধুর্যকে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে। তার অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে নিউ মা টেলিকমের পক্ষ থেকে এই উপহার দেওয়া হয়। একই সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দুই শিক্ষার্থীকেও দেওয়া হয়েছে মোবাইল ফোন ও ক্রেস্ট।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় সিংড়া শহরের মাদ্রাসা মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মাধুর্যের হাতে ল্যাপটপ তুলে দেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল ইসলাম আনু।

এসএসসি পরীক্ষায় ১ হাজার ১৮৭ নম্বর পেয়ে সিংড়া উপজেলায় প্রথম হয়েছেন মেহজাবিন মাধুর্য। ফল প্রকাশের পর থেকেই তার এই সাফল্য নিয়ে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে ল্যাপটপ পাওয়ায় আরও উৎসাহিত হয়েছেন মাধুর্য।

অনুষ্ঠানে উপজেলার দ্বিতীয় স্থান অর্জনকারী রুকাইয়া তাসনিম এবং তৃতীয় স্থান পাওয়া শাহেদ আলীকেও সম্মাননা জানানো হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় মোবাইল ফোন ও ক্রেস্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ মা টেলিকমের স্বত্বাধিকারী আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুধু পুরস্কার নয়, শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস জোগাতেই এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। 

নিউ মা টেলিকমের স্বত্বাধিকারী আব্দুল খালেক বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফল যখন সমাজের পক্ষ থেকে সম্মান ও উৎসাহ পায়, তখন সেই সাফল্য অন্যদেরও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে ওঠে। মাধুর্যের হাতে ল্যাপটপ তুলে দেওয়ার দৃশ্য যেন সেই বার্তাই দিয়েছে। পরিশ্রম কখনো বৃথা যায় না। নিজের লক্ষ্য ঠিক রেখে নিয়মিত পড়াশোনা করলে সাফল্যের দরজা একদিন খুলবেই। ভবিষ্যতে মেধাবীদের পাশে থাকবে নিউ মা টেলিকম।