সিরাজগঞ্জে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় তার গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।
হামলার পর এমপি আয়নুল হক ফেসবুক লাইভে বলেন- টিটিসির ভবন স্থাপনের বিষয়ে আলোচনার সময় জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কথা-কাটাকাটির এক পর্যায়ে হট্টগোল শুরু করেন। সেখান থেকে চলে আসার সময় হট্টগোলকারীরা গাড়িতে হামলা করেছে। প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের করার দাবি জানান।
সংসদ সদস্যের গাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলী মর্তুজা বলেন, কোনো কিছু হলেই জামায়াতের ওপর দোষ চাপানো বিএনপির পুরোনো অভ্যাস। সেই অভ্যাসের কারণেই এই ঘটনার জন্য মিথ্যা দোষারোপ করা হচ্ছে। এ বিষয়ে দলের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রায়গঞ্জ উপজেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হামলায় এমপি আঘাতপ্রাপ্ত হননি। তবে তার গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।