ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে যায়।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

নিহত সাদ্দাম হোসেন নাটোর জেলার সিংড়া উপজেলার গোয়াল বাথান গ্রামের সাদেক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত সাদ্দাম হোসেন একজন দুধ ব্যবসায়ী। তিনি একটি পিকআপ নিয়ে সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। কিন্তু পাটধারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়। আহত হন পিকআপ চালক।

এ ঘটনায় ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে অসংখ্য পরিবহন ও যাত্রী। পরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে না জানায় ঘটনাস্থলে পৌঁছাতে একটু বিলম্ব হয়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। পরে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।