বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দুইবারের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও পেশায় একজন খামারি ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার রাতে বাঘোপাড়া বাজার থেকে এক নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা তিন যুবক তার পথরোধ করেন। কথা কাটাকাটির একপর্যায়ে রামদা দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় পাশের জমিতে ফেলে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আলামত হিসেবে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে এবং কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম কাজ করছে।