বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করার সময় মাটির নিচ থেকে ৩৩৪টি গুলি পাওয়া গেছে।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে গুলিগুলো উদ্ধার করা হয়। পুলিশ বলছে, গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণ প্রকল্পের খননকাজ করছিলেন শ্রমিকরা। খননকাজের একপর্যায়ে এক শ্রমিক ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটির মধ্যে ধাতব বস্তু দেখতে পান। পরে বিষয়টি অন্য শ্রমিকদের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বগুড়া সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির ভেতর থেকে গুলিগুলো উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খননকাজের সময় শ্রমিকরা মাটির নিচে গুলির কার্তুজগুলো খুঁজে পান। ঘটনাস্থল থেকে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এগুলো কোন সময়ের গুলি, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।