নাটোরে অ্যাম্বুলেন্সকে কাভার্ডভ্যানের ধাক্কা, আহত ৮

নাটোরের গুরুদাসপুরে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তালবাড়িয়া এলাকায় আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যানের সঙ্গে মরদেহবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশের পানিতে পড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা আটজন আহত হন।

স্থানীয়রা জানান, লাশবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুর থেকে নাটোরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। তালবাড়িয়া এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এতে আটজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।