বগুড়ার শেরপুরে এক বাউল শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে শনিবার ভোরে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুইজনকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার দুবলাগাড়ি গ্রামের রায়হান (২৮) ও তাজপাড়া গ্রামের পারভেজ হাসান (২৬)। এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের সঙ্গে আরও সাতজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একজন বাউল শিল্পী। শুক্রবার সন্ধ্যায় রায়হানের সঙ্গে দেখা করতে তিনি শেরপুর শহরে যান। পরে রায়হান তাকে চাচার বাসায় পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যান। এরপর পৃথক স্থানে রায়হান ও পারভেজ তার ওপর ধর্ষণের ঘটনা ঘটান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় আরও কয়েকজন তাকে ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করেন। পরে ৯৯৯-এ খবর দেওয়া হলে শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং রায়হান ও পারভেজকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে মামলা হলে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।